প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ১ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ১ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক নারী ও এক পুরুষ অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়। একপর্যায়ে বড়দারোগাহাট এলাকায় সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি জব্দ করলেও এর আরোহীরা পালিয়ে যায়। জব্দ করা গাড়িটি থানায় নিয়ে প্রথম দফায় তল্লাশি চালানো হলেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে থাকা একটি সন্দেহজনক গ্যাস সিলিন্ডার নজরে আসে। পরে মেকানিক ডেকে বিশেষভাবে তৈরি সিলিন্ডারটি কেটে দেখা যায়, এর ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা। পুলিশ জানিয়েছে, ইয়াবার এ চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন