বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সকল জেলায় এবং পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এছাড়া সারাদেশে খুন ও ধর্ষণ এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ করবে তারা।
বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
এ সময় তিনি আরও বলেন, ‘সীমান্তে হত্যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।’ তিনি দাবি করেন, সীমান্তে গেল তিন মাসে ৫০-এর অধিক পুশইনের চেষ্টা করেছে ভারত। গত ১০০ দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোনো আইন অনুযায়ী সরাসরি গুলির করার আইন নেই। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।


