বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ জোটের নেতারা।
বৈঠকে অবিলম্বে সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার, নতজানু পররাষ্ট্রনীতি পরিহার এবং সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের উপযোগী পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।
সভায় এসব দাবিতে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামীকাল দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


