মেটা ও আম্বানির রিলায়েন্সের মেগা চুক্তি, ভারতের হচ্ছে প্রথম এআই ডাটা সেন্টার

মেটা ও আম্বানির রিলায়েন্সের মেগা চুক্তি, ভারতের হচ্ছে প্রথম এআই ডাটা সেন্টার

ফন্ট সাইজ:

ভারতের প্রযুক্তি খাতে এক বিশাল মাইলফলক উন্মোচিত হতে যাচ্ছে। ভারতে নিজেদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডাটা সেন্টার স্থাপনের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) এবং ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যৌথ অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের জামনগরে ১৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিশাল ডাটা সেন্টার নির্মাণ করবে। সেন্টারটি দীর্ঘমেয়াদী চুক্তিতে লিজ বা ভাড়া নেবে মেটা। ডাটা সেন্টারটি শতভাগ নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হবে। এছাড়া এর শীতলীকরণ ব্যবস্থার জন্য সমুদ্রের লবণাক্তমুক্ত পানি ব্যবহার করা হবে।

এই প্রকল্পের জন্য মেটা ভারতে প্রায় ১ গিগাওয়াট নতুন সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের চুক্তিও করেছে। আগামী দুই বছরের মধ্যে এই অত্যাধুনিক ডাটা সেন্টারের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাজারে মেটার বড় বাজি: মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিশাল ব্যবহারকারী এবং দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতি দেশটিকে এই ধরনের বড় বিনিয়োগের জন্য সবচেয়ে আদর্শ স্থানে পরিণত করেছে। আইএমএআরসি গ্রুপের বাজার সমীক্ষা অনুযায়ী, ক্লাউড কম্পিউটিং এবং এআই-এর ক্রমবর্ধমান চাহিদার কারণে ২০৩৪ সালের মধ্যে ভারতের ডাটা সেন্টার বাজারের আকার দ্বিগুণ হয়ে ১৩.১১ বিলিয়ন ডলারে পৌঁছাবে। শুধু মেটা নয়, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং ওপেনএআই-এর মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরাও বর্তমানে ভারতের বাজারে শত কোটি ডলারের ডাটা সেন্টার ও এআই অবকাঠামো তৈরিতে প্রতিযোগিতা করছে। এই চুক্তির মাধ্যমে রিলায়েন্সের জামনগর এখন বিশ্ব দরবারে একটি অন্যতম প্রধান প্রযুক্তি হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন