আন্তর্জাতিক ক্রিকেটে দম ফেলার সুযোগ পাচ্ছে না দলগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিরিজটি জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামের বিশ্রামে দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ। চলমান বিশ্বকাপের দল থেকে সেখানে মহারাজ ছাড়া আছেন কেবল দু’জন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা করেছেন চারজন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা সেই চারজন ব্যাটার কনর এস্তারহুইজেন, জর্ডান হারমান, পেস বোলিং অলরাউন্ডার ডিয়ান ফরেস্টার ও ১৯ বছর বয়সী পেসার নোবানি মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লীগ এসএ-টোয়েন্টিতে দুর্দান্ত সময় কাটান মোকোয়েনা। পার্ল রয়্যালসের হয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ হিসেবে ১০ ম্যাচে নেন ১৩ উইকেট। একটি ওয়ানডের অভিজ্ঞতা থাকা ইথান বশ প্রথমবার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। তার বড় ভাই করবিন বশ সিরিজে বিশ্রামে থাকছেন। অভিষেক হতে যাওয়া জর্ডান হারমানের বড় ভাই রুবিন হারমান দলে ফিরেছেন। এ উইকেটকিপার-ব্যাটার একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
চলমান বিশ্বকাপের দল থেকে কিউইদের বিপক্ষে সিরিজে মহারাজ বাদে বাকি দু’জন জ্যাসন স্মিথ ও জর্জ লিন্ডে। এছাড়া চোট কাটিয়ে ২০২৫-এর অক্টোবরের পরে দলে ফিরেছেন জেরাল্ড কোয়েটজি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া আরেক পেসার ওটলিন বার্টম্যানও আছেন দলে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দল পাওয়া ক্রিকেটারদের রাখা হয়নি স্কোয়াডে। কেননা, সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু আইপিএল।
প্রথমবারের মতো এ সিরিজে একই দিন, একই ভেন্যুতে লড়বে পুরুষ ও নারী জাতীয় দল। দিনের বেলায় প্রোটিয়া নারী দল খেলবে নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গে। সন্ধ্যায় মুখোমুখি হবে দু’দেশের ছেলেরা। আগামী ১৫ই মার্চ মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজটি।
নিউজিল্যান্ড সফরের দক্ষিণ আফ্রিকা দল: কেশব মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, কনর এস্তারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন এবং জ্যাসন স্মিথ।
