ইসরাইল যদি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় সম্প্রসারিত হয়, তাহলে তাতেও কোনো আপত্তি নেই মার্কিন দূত মাইক হাকাবি’র। এর অর্থ তিনি মধ্যপ্রাচ্যের অন্য দেশকে দখলে উস্কানি দিচ্ছেন। এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিষয়টিকে ‘ইহুদি জনগণের ভূমির অধিকার’ হিসেবে ব্যাখ্যা করেন। শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন ইসরাইলের ভৌগোলিক সীমানা নিয়ে প্রশ্ন তোলেন।
জবাবে হাকাবি বলেন, এই সীমানার ভিত্তি বাইবেলে নিহিত আছে। কার্লসন উদ্ধৃত করেন, যেখানে ইব্রাহিম (আ.)-এর বংশধরদের জন্য ইউফ্রেটিস নদী থেকে নীলনদ পর্যন্ত বিস্তৃত ভূমির প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এই পরিসীমার মধ্যে বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত হবে। হাকাবি বলেন, ‘তারা (ইসরাইল) যদি সবই নিয়ে নেয়, তাতেও ঠিক আছে।’ তবে চ্যালেঞ্জ করা হলে তিনি যোগ করেন, ইসরাইল ‘দখল নিতে চাইছে না’ এবং ‘তারা দখল নিতে চাইছে- এমন দাবিও করছে না।’
