রেকর্ড জয়ের পরও ‘হতাশায় আচ্ছন্ন’ অস্ট্রেলিয়া

রেকর্ড জয়ের পরও ‘হতাশায় আচ্ছন্ন’ অস্ট্রেলিয়া

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওমানকে তুলোধুনো করলো অস্ট্রেলিয়া। দু’দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচটিতে ওমানকে ১০৪ রানে আটকে দেয় অস্ট্রেলিয়া। স্রেফ ৯.৪ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। সীমিত সংস্করণের বিশ্বকাপে এটি যৌথভাবে দ্রুততম রান তাড়ায় জয়ের রেকর্ড। তবুও স্বাভাবিকভাবেই ম্যাচের পর খুশি হতে পারছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক মিচেল মার্শ আগের মতোই জানালেন, ড্রেসিংরুম ভীষণ হতাশায় আচ্ছন্ন।

দ্রুততম রান তাড়ায় জয়ের অন্য রেকর্ডটি ২০২৪ বিশ্বকাপের। সেবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ৯.৪ ওভারে জয় তুলে নেয় ইংল্যান্ড। এদিন রান তাড়ায় তাণ্ডব শুরু করে অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন মার্শ। আরেক ওপেনার ট্রাভিস হেড ফেরেন ১৯ বলে ৩২ রানের ক্যামিওতে। তিনে নামা জশ ইংলিসের ব্যাট থেকে আসে ৬ বলে ১২ রান। তবে এসবের জন্য যে অনেক দেরি হয়ে গেছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আগেই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের পর খুশি হতে পারছে না দলটি।

ম্যাচ শেষে পর মার্শ বলেন, ‘আমরা সুযোগ হারিয়েছি। আমি আগেও অনেকবার বলেছি যে, ড্রেসিংরুম এখন ভীষণ হতাশায় আচ্ছন্ন। আমাদের যে কয়েকটি ম্যাচে সেরাটা খেলার দরকার ছিল, আমরা তা পারিনি।’

চার উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া অ্যাডাম জাম্পার কথাতেও মিশে থাকলো বিষণ্ণতার ছাপ। তিনি বলেন, ‘সত্যি বলতে, একদম শূন্য লাগছে। চার উইকেট পাওয়ার পর আমার সবচেয়ে বাজে অনুভূতি হয়তো এটিই। কালকেই দেশের পথে উড়াল দিচ্ছি। সত্যি বলতে, এমন কিছু তো ভাবনাতেও ছিল না। তাই এই অনুভূতি প্রকাশ করার মতো নয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন