জাকিরের সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে জিতলো ‘এ’ দল

ফন্ট সাইজ:

ব্যাট ও বল হাতে সম্মিলিত নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জাকির হাসানের দল। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে যায়। বগুড়ায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে শাহাদাত হাসানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে অধিনায়ক জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতি ১৫৮ রানের জুটি গড়ে তোলেন। অধিনায়ক জাকির ৯৭ বলে ১১৯ রানের একটি অসাধারণ সেঞ্চুরি ইনিংস খেলেন, যা ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল।

অন্যদিকে ইফতেখার ৫৮ বলে ৭০ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। শেষদিকে অমিত হাসানের ৩১, ইয়াসির আলির ৩৪ এবং মোহাম্মদ আকবর আলির ২৭ রানের পর সামিউন বশির রাতুলের ১১ বলে ২১ রানের ঝোড়ো কেমিওতে ১০ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে বাংলাদেশ। ৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের হয়ে একা লড়াই চালান ওয়েসলি মাধেভেরে। তিনি ৯৩ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন।

ওপেনার ম্যাথিউ ক্যাম্পবেলের ৫২ ও ইনোসেন্ট কাইয়ার ২৬ রান ছাড়া বাকি ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। ২৭৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে ‘এ’ দল। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া আলিস আল ইসলাম ২ এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। একই মাঠে আগামীকাল ১০ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন