সুন্দরবনে মুক্তিপণ দিয়েও ৮ দিনেও মুক্তি পায়নি চার জেলে

সুন্দরবনে মুক্তিপণ দিয়েও ৮ দিনেও মুক্তি পায়নি চার জেলে

ফন্ট সাইজ:

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার সাতক্ষীরার শ্যামনগরের চার জেলের মুক্তি মেলেনি ৮ দিনেও। ইতিমধ্যে মুক্তির আশায় পরিবারের সদস্যরা মুক্তিপণ হিসাবে ২ লাখ ৪০ হাজার টাকাও দিয়েছেন। তবুও বনদস্যুরা তাদের না ছাড়ায় স্বজনদের মনে অজানা আশঙ্কা দেখা দিয়েছে।

গত ৩১শে মে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবেদ খাল থেকে আরও কয়েক জেলের সঙ্গে শ্যামনগরের জেলে ইয়াছিন খাঁ, শাহজাহান খাঁ, শাহজাহান আলী ও শরিফুলকে তুলে নিয়ে যায় বনদস্যুরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সুন্দরবনে কুখ্যাত বনদস্যু নানাভাই বাহিনী শুরুতে জিম্মি চার জেলের মুক্তিপণ হিসাবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। দেন-দরবারের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় জেলেদের স্বজনের সমঝোতা হয়। জেলে আবুল হোসেন জানান, তুলনামূলক কম মুক্তিপণ আদায় করে জিম্মি অন্য জেলেদের ছেড়ে দিয়েছে বনদস্যুরা। তবে অপহরণের সময় বনদস্যুদের ওপর চড়াও হওয়ার চেষ্টার অভিযোগ তুলে তার ভাই শাহজাহানসহ তিনজনকে ৮ দিন ধরে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বনদস্যুরা তিনজনের জন্য মাথাপিছু ৫০ হাজার করে ও ইয়াছিনের জন্য দুই লাখ টাকা দাবি করেছিল। তবে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে তারা ইয়াছিনের জন্য এক লাখ ২০ হাজার টাকা এবং অন্য তিনজনের জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছে। এরপরও তাদের না ছাড়ায় সবার পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। জিম্মি অন্য এক জেলের বাবা বলেন, তার ছেলে জাল ফেলে সহযোগীদের সঙ্গে নৌকায় ঘুমিয়ে ছিলেন। বনদস্যুরা নৌকার পাশে এসে তার জামা ধরে ডাকাডাকি শুরু করে। এ সময় সহযোগীকে বাঘে ধরেছে মনে করে লাফিয়ে উঠে ছেলে হাতের পাশে থাকা দা নিয়ে বনদস্যুদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে বনদস্যুরা। তবে সমঝোতার ভিত্তিতে বনদস্যুদের নির্ধারিত মুক্তিপণ পরিশোধ করেন। কিন্তু নৌকা না পাওয়ার অজুহাতে তাদের আটকে রাখা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, জুনের শুরু থেকে সুন্দরবনে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এসব জেলে আগেই মাছ শিকারে যান। ফিরে আসার আগে বনদস্যুদের কবলে পড়েন। বর্তমানে বনদস্যুদের নিয়ে কাজ করছে কোস্ট গার্ড। তাদের বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন