সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙ্গামাটি আসনেই নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের আস্থাভাজন ও পাহাড়ের জনপ্রিয় নেতা হিসেবে দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বক্তারা আরও উল্লেখ করেন, একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাকে মন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, পার্বত্য অঞ্চলে চলমান উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া প্রয়োজন। রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম ইসথেটিক কাউন্সিল (জাক)-এর সভাপতি শিশির চাকমা, জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, সমাজসেবক আমির মোহাম্মদ ছাবেরসহ অনেকে।
