শায়েস্তাগঞ্জে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই

শায়েস্তাগঞ্জে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তার ছেলে ফেরদৌস ফাহিম (১৬)-এর কাছ থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো টাকা ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফিরছিলেন জেসমিন ও তার ছেলে। পথে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুইজন মোটরসাইকেল থেকে নেমে ফাহিমের গলায় ধারালো দা ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মোটর সাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জেসমিন বলেন, ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই হয়তো দুর্বৃত্তরা আমাদের অনুসরণ করছিল। আমরা বিষয়টি বুঝতে পারিনি। ছেলেকে বাঁচানোর জন্য আমি ব্যাগটি দিয়ে দেই। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন