কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তবে আটক পাচারকারীর পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদে রোববার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও পাচারকাজে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
