সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে কৃষিজমি রক্ষায় লবণ পানি উত্তোলন বন্ধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, সাংবাদিক আজমীর হোসেন, মর্জিনা খাতুন ও নুর নাহার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই’, ‘মাটি বাঁচাও, মানুষ বাঁচাও, কৃষিজমি রক্ষায় সবাই এগিয়ে আসুন’, ‘লবণ পানিমুক্ত জনবসতি চাই’, ‘সুন্দরবনের প্রাণ বাঁচাও’সহ বিভিন্ন সেøাগান দেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবাধে লবণ পানি উত্তোলন ও বিস্তারের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। একসময়ের উর্বর ফসলি জমি ক্রমেই অনাবাদি হয়ে পড়ছে। ধান, শাক-সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেক পরিবার জীবিকা সংকটে পড়েছে।
সমাবেশে বক্তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। স্থানীয়দের মতে, লবণ পানির আগ্রাসন বন্ধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায়, ভবিষ্যতে এ অঞ্চলের পরিবেশ, কৃষি উৎপাদন ও মানুষের জীবন-জীবিকা আরও বড় সংকটের মুখে পড়তে পারে।
