বান্দরবানের লামা পৌরসভার প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা এক ঘণ্টার বৃষ্টিতে লামা বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে ক্রেতা-বিক্রেতাকে। পানিতে নষ্ট হয়েছে অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেন দোকানিরা। সরজমিন দেখা যায়, লামা বাজারের প্রধান সড়ক গোপাল বাবুর মোড়সহ বেশকিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে বাজার ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্জ্যে আটকে থাকা ড্রেন আর অব্যবস্থাপনায় জলাবদ্ধতা যেন পৌরবাসীর চিরকালীন দুঃখ। লামা বাজারে পানি জমে সড়কে চলাচলে ভোগান্তির যেন শেষ নেই। এ অবস্থায় সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর এলাকার নয়াপাড়ার বাসিন্দা মো. আবু সোয়াইফ বলেন, লামা বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা আর যানজটে জীবন অতিষ্ঠ লাগছে। কোনো জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও লামা বাজারে হবেই।
লামা বাজার ব্যবসায়ী বেলাল আহমদ বলেন, বৃষ্টি নামলেই থমকে যায় শহর। বর্ষা যেন পৌরবাসীর জন্য শুধু স্বস্তির নয়, সঙ্গে নিয়ে আসে পুরনো এক দুর্ভোগের গল্প জলাবদ্ধতা। লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি জানান, লামা বাজারে কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ করেছে পৌরসভা। কিন্তু এখন আগের চাইতে বেশি পানি জমছে সড়কে। তাহলে এত টাকা খরচের দরকার কী ছিল। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, আগে যথাযথ পরিকল্পনায় ড্রেনগুলো তৈরি করা হয়নি। তা ছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা সঠিকভাবে কাজ করছেন না। লামা বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়নে কাজ করা হবে।
