মানিকগঞ্জের সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে রাজিব (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নে বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরের একটি সংঘবদ্ধ দল রাত ২টার দিকে জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে চুরির উদ্দেশ্য প্রবেশ করে। এ সময় চোর দলের সদস্য রাজিব বাড়ির উত্তর পাশের ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে তার সহযোগীদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে বাড়ির মালিক তাকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে বাড়ির মালিক হাকিম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
