কালিহাতীতে রেললাইনের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৮) নামে এক গৃহবধূ ও অজ্ঞাতনামা (৩৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কালিহাতী উপজেলার সল্লা এলাকার রেললাইনের পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

পরিচয়কারী নিহত নারী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী গ্রামের সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূ মুক্তা আক্তার নিহত হয়। এর অদূরে রেললাইনের পাশে ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, স্বামী সুজনের সঙ্গে মুক্তা আক্তার রেললাইন পার হচ্ছিলেন। সুজনের কোলে বাচ্চা থাকায় তিনি কিছুটা পেছনে ছিল। এ সময় মুক্তা কোনোদিকে খেয়াল না করেই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়। এদিকে একই এলাকায় রেললাইনের ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা কয়েকদিন আগে অন্যকোথাও হত্যা করে রেললাইনের ফাঁকা জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অপর নারীর লাশ বাড়িতে থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই নারীর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন