বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর শামীম (৩৮) নামের এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে নিহতের বিচ্ছিন্ন মাথার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার-সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মনসুর আলী ব্যাপারীর ছেলে। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী জানিয়েছেন, রোববার রাতে তার স্বামী বাসায় ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, বরগুনা সদর থানা-পুলিশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরি দল না থাকায় পটুয়াখালী ডুবুরি দলকে খবর দেয়া হয়। তবে এর মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময়কাল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
