ইসরাইলি সামরিক বাহিনী সোমবার (৮ জুন) ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের সঙ্গে আরও কয়েকদিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকে ইসরাইল জুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরাইলে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শত্রুপক্ষের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।
ইসরাইল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী।
তেল আবিব জানিয়েছে, ইসরাইলি বাহিনী একাই এই অপারেশন চালিয়েছে তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পূর্ণ সহযোগিতা ছিল।
ইরান থেকে ছোড়া ইসরাইলি ভূখণ্ডের দিকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন বাহিনীও সাহায্য করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের সঙ্গে সর্বশেষ এই সংঘাত শুরুর পর ইসরাইলের সামরিক প্রধান ইয়াল জামিন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে তিনবার কথা বলেছেন।
এ ছাড়া ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল আকারের হামলা সম্পন্ন করেছে।
নতুন এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, এই অভিযানে কয়েক ডজন ইসরাইলি ফাইটার জেট নিযুক্ত ছিল। অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধসে দেয়া হয়েছে।
