মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন যে কোনো চুক্তিতে পৌঁছালে তা মেনে নেয়া ছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বিকল্প থাকবে না। বৃটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভিযানে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেন। ফোন সাক্ষাৎকারে তিনি বলেন, তার (নেতানিয়াহুর) কোনো বিকল্প থাকবে না।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমিই নিই। সে (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেয় না। এপ্রিলের শুরুতে হওয়া নাজুক যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরান ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর প্রেক্ষিতে ট্রাম্প ওই কথা বলেন।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ট্রাম্প আলাদাভাবে ফক্স নিউজ ও অ্যাক্সিওস’কে বলেছেন, তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর নির্দেশ দেবেন এবং তাকে আবার আলোচনার টেবিলে ফিরতে বলবেন। এই অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে অপেক্ষা করতে বলেছেন, কারণ ‘আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি নেতা প্রথমে আপত্তি তুললেও শেষ পর্যন্ত হামলা থেকে বিরত থাকার বিষয়ে ‘আংশিক সম্মতি’ দিয়েছেন।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, আমাদের ধারণা প্রেসিডেন্ট কিছুটা সময় নিতে পেরেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি। আমার মনে হয় না ইসরাইলি হামলার কোনো তাৎক্ষণিক সম্ভাবনা রয়েছে।
