শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টার দিকে শার্শা উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুজিদ, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বাহাদুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা এডভোকেট মোস্তফা কামাল মিন্টু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুর্দিনে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপি’র একজন জনপ্রিয় নেতা। রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে, গত ২৯শে মে বিকালে উপজেলার শ্যামলাগাছি এলাকার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে কনস্টেবল পদে কর্মরত মামুন হাসান জুয়েল হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ সদস্যের ছোট ভাই মেহেদী হাসান রয়েল গত ৪ঠা জুন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন