মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচিত আলী হোসেন লাবুর বিরুদ্ধে ভূমি দখল, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার উপজেলার জৈনসার ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা লাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেন।
বক্তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলী হোসেন লাবু এলাকায় প্রভাব খাটিয়ে মানুষের জমি দখলসহ নানা অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি থানা ভাঙচুর ও জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে শক্তি প্রদর্শন এবং স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া, কাঠালতলী ঈদগাহের জমি, সরকারি কমিউনিটি ক্লিনিকের জায়গা এবং স্থানীয়দের ব্যক্তিগত সম্পত্তি দখলের অভিযোগও উত্থাপন করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজদিখান থানা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজামান টিটু, তাঁতীদল সিরাজদিখান থানার যুগ্ম আহ্বায়ক খবির শেখ, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খবির হাওলাদার, স্থানীয় বাসিন্দা সারওয়ার হোসেন তৌহিদ, কাঠালতলী আল-কোরআনি জামে মসজিদের সহ-সভাপতি সারওয়ার হোসেন তৌহিদ এবং জৈনসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক জোছনা বেগম।
বক্তারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায়, আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
