লাখাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা বখাটেকে গণধোলাই

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে ১ম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার দুপুর ২টার দিকে মুড়িয়াউক ইউনিয়নের জনৈক নূর চেয়ারম্যানের পাটক্ষেতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো. মুরাদ চৌধুরী বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আটককৃত অভিযুক্তের নাম ছানা মিয়া ওরফে ছানাউল্লাহ (৩০)। সে মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত ছবুর হোসেনের ছেলে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু (৬) পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটি আম জুস (ঠান্ডা) খেতে চাইলে তার মা তাকে ২০ টাকা দিয়ে স্থানীয় হেলাল মিয়ার দোকানে পাঠান। দোকান থেকে জুস নিয়ে বাড়ি ফেরার পথে বখাটে ছানা মিয়া শিশুটিকে আরও বেশি আম জুস ও টাকা দেয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে শিশুটিকে জোরপূর্বক নূর চেয়ারম্যানের নির্জন পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এবং তার পরনের কাপড় খুলে ফেলে।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের বাড়িতে থাকা লুবা আক্তার নামের এক নারী ঘটনাটি দেখতে পান এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। লুবা আক্তারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে আসলে অভিযুক্ত ছানা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে এবং উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লাখাই থানার পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে স্থানীয়দের হেফাজত থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পিতা বলেন, ছানা মিয়া এলাকার একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। সে আমার ৬ বছরের অবুঝ শিশুকে একা পেয়ে যে জঘন্য অপরাধ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন