মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

ফেনীতে বাকবিতণ্ডার একপর্যায়ে মারধরের শিকার হওয়া মো. জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে বড় মসজিদ এলাকায় গণপিটুনি দেয়া হয়েছে বলে জানানো হয়।

ভোররাতে হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন-উদ্‌-দৌলা বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিবিআই ইতিমধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে।

শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়, তবে সেটি গণপিটুনি নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট থানাকে তার পরিবারের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। আশা করছি শিগগিরই ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন করা যাবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন