২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে পরাশক্তিরা। বাংলাদেশ সময় গতকাল ভোরে প্রীতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের জয় কিছুটা লড়াকু। জয়ের মালা পরেছে জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালের মতো ফেভারিটরাও।
টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের হালকা চোট ও পেশির ক্লান্তির কারণে এই ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ৩৯ বছর ছুঁইছুঁই মহাতারকা বেঞ্চে বসে দেখলেও, মাঠে তার অভাব বুঝতে দেননি লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের এই স্ট্রাইকারের একটি গোল ও একটি অ্যাসিস্টে হন্ডুরাসকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে।
কাতার বিশ্বকাপের ক্ষত ভুলে এবার নিজেকে উজাড় করে দিতে চান মার্টিনেজ। সেবার দারুণভাবে টুর্নামেন্ট শুরু করলেও, একপর্যায়ে চোটের ছোবলে হুলিয়ান আলভারেজের কাছে জায়গা হারান তিনি। এদিনের ম্যাচ শেষে সেই কথা মনে করিয়ে তিনি বলেন, ‘কাতারে ব্যক্তিগতভাবে আমি যেভাবে চেয়েছিলাম, সেভাবে পৌঁছাতে পারিনি। এজন্য আমি এবার প্রতিটা মিনিট কাজে লাগাতে চাই এবং
আত্মবিশ্বাস ফিরে পেতে চাই। কাতারে আমরা যা অর্জন করেছি, এবার তা রক্ষা করতে হবে।’ তবে জয়ের আনন্দের মধ্যেও আর্জেন্টিনা শিবিরে কিছুটা অস্বস্তি এনে দিয়েছে রক্ষণভাগের খেলোয়াড় লিওনার্দো বালের্দির চোট। অনুশীলনে পাওয়া এই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি।
দলের কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করে বলেন, ‘বালের্দির দুর্ভাগ্য আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবো এবং দলের পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন থেকে জানা গেছে, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। এমনকি হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তারা। তাদের নিয়েই আপাতত চিন্তা স্কালোনি ও তার কোচিং স্টাফের।
অন্যদিকে ক্লিভল্যান্ডে আরেক প্রীতি ম্যাচে মিশরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো গিমারায়েস। বিরতির পর রাফিনহার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি এনড্রিক। মিশরের হয়ে একমাত্র গোলটি করেন জিকো। মিশরের পক্ষে মোহাম্মদ সালাহ ভালো ফর্মের ইঙ্গিত দেন। তবে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা লেগেছে রাইট-ব্যাক ওয়েসলির চোটে। বাঁ পায়ের গুরুতর পেশির চোট নিয়ে চোখের জলে মাঠ ছাড়েন এএস রোমার এই তারকা। এই চোট তাকে বিশ্বকাপ থেকেও ছিটকে দিতে পারে। অন্যান্য ম্যাচে, শিকাগোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা নবম জয়ের রেকর্ড গড়ে জার্মানি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দু’টি করেন কাই হাভার্টজ ও লেরয় সানে। এ ছাড়া ট্যাম্পার প্রচণ্ড গরমে হ্যারি কেইনের একমাত্র হেডে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড। অন্য ম্যাচে, চিলির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় পর্তুগাল। ৪৫ মিনিট মাঠে থেকেও গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজদের হয়ে গোল দু’টি করেন গনসালো রামোস ও ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফার্নান্দেজ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা পুরো ৯০ মিনিট জুড়েই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিলাম।’ অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। স্কটল্যান্ডের কাছে বলিভিয়ার হার ৪-০ গোলে। সুইজারল্যান্ড-অস্ট্রেলিয়া এবং বসনিয়া-পানামা ম্যাচ দু’টি শেষ হয় ১-১ সমতায়।
