আবারো নারী দলের দায়িত্বে ফিরলেন গোলাম রব্বানী ছোটন। তবে জাতীয় দল নয়, এবার তিনি কাজ করবেন অনূর্ধ্ব-১৭ নারী দল নিয়ে। আগস্টে নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ডাগআউটে দেখা যাবে সাবিনা, মাসুরা, মারিয়া, মনিকা, সানজিদা, ঋতুপর্ণাদের হাতেখড়ি দেয়া কোচকে। গেল চারদিন অনূর্ধ্ব-১৭ দল নিয়ে কাজ করেছেন ছোটন।
পাশে আছেন দীর্ঘদিনের সহকারী মাহবুব হোসেন লিটু। ২০২৩ সালের ২৭শে জুন অভিমান করে নারী ফুটবল দলের দায়িত্ব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছেড়েছিলেন গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবল জাগরণের নেপথ্যের নায়ক নানা বঞ্চনার শিকার হয়ে নারী ফুটবলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে অবশ্য ২০২৫ সালের ১লা জানুয়ারি বাফুফেতে কোচ হিসেবে ফিরলেও ব্যস্ত ছিলেন ছেলেদের বিভিন্ন বয়সভিত্তিক দল নিয়ে। সম্প্রতি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু তাকে নারী দলের দায়িত্ব নিতে অনুরোধ করেন। পরবর্তীতে নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ অনুরোধ করলে আর না করতে পারেননি ছোটন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আবার মেয়েদের নিয়ে কাজ করার সুযোগ পেলাম।
বাচ্চা মেয়েদের গড়ে তোলার দায়িত্ব। যেটা অতীতে করে এসেছি, সেটাই আবার করতে হচ্ছে। বাফুফেতে যেহেতু চাকরি করি, তাই কোনো দায়িত্বকে না বলা সম্ভব নয়। তাই আবার নারী ফুটবলে ফিরলাম।’ শনিবার সাফের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হয়েছে। এই দলে ছোটনের অধীনে গড়ে ওঠা অনেক ফুটবলার রয়েছে। তবে সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ৫৭ বছর বয়সী এ কোচ। বরং নিজের দায়িত্বই ঠিকঠাক করায় মনোযোগ তার।
