বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বির্তকের যেন শেষ নেই। আসর শেষ হয় তো মাথাচাড়া দিয়ে ওঠে নতুন বির্তক। দ্বাদশ আসর শেষ হওয়ার পরও পারিশ্রমিক জটিলতা মাথাচাড়া দিয়ে ওঠেছে। সবশেষ বিপিএলে অংশ নেয়া ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ক্রিকেটাররা পুরো পারিশ্রমিক পাননি। এ নিয়ে গতকাল ক্ষোভ ঝাড়েন ঢাকার হয়ে খেলা নাসির হোসেন। আর্থিক সক্ষমতা না থাকলে ফ্র্যাঞ্চাইজি নেয়া উচিত নয় বলে জানান এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘যাদের পকেটে টাকা নেই, তাদের দল করা উচিত না। কী চিন্তা করে দল দেওয়া হয় জানি না। এতে শুধু আমাদের নয়, দেশেরও মানসম্মান নষ্ট হচ্ছে।’
ঢাকার হয়ে খেলা নাসির মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়েছেন। বাকি অর্থ কবে পাবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তার কাছে। তিনি বলেন, ‘বিপিএলের ২৫ শতাংশ পেমেন্ট পেয়েছি। আরও ৭৫ শতাংশ বাকি। যতদিন খেলেছি, সর্বোচ্চটা দিয়েছি। এখন চাইলেও অনেক কিছু বলতে পারবো না।’ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ব্যাংক গ্যারান্টি ব্যবহার করে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে নাসির বলেন, ‘মিঠু ভাই আমাদের আশ্বাস দিয়েছেন এই মাস পর্যন্ত দেখবেন। যদি এই সময়ের মধ্যে মালিকপক্ষ টাকা না দেয়, তাহলে ঢাকা দলের জামানত হিসেবে রাখা অর্থ থেকে আমাদের পাওনা দেয়া হবে।’ বিদেশি ক্রিকেটারদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসির। তিনি বলেন, ‘এখানে বিদেশি খেলোয়াড় আসে। তারা বাইরে গিয়ে বলে বাংলাদেশের পেমেন্ট খারাপ, দল খারাপ। বিসিবি কাকে দল দিচ্ছে, সেটা ভালোভাবে নিশ্চিত হওয়া উচিত। না হলে একসময় মনে হবে পাড়ার ক্রিকেটের চেয়েও বিপিএলের মান খারাপ হয়ে যাবে।’
