১৯৯৮ ও ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান এবং ২০১৮ আসরের রানার্স-আপ। ৪০ লাখেরও কম জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস বিশ্বের যেকোনো পরাশক্তিকে ঈর্ষা জাগাতে বাধ্য। স্রেফ ছয়বার অংশ নিয়ে তিনবার সেমিফাইনালে ওঠা ক্রোয়াটরা এবার উত্তর আমেরিকার আসরে পা রাখছে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। তবে দলের হেড কোচ জ্লাতকো দালিচ চান, পূর্বসূরিদের অর্জনের চাপ মাথায় না নিয়ে ছেলেরা যেন বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। অন্যদিকে স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচের মতে, ক্রোয়েশিয়ার আগামী ৫০০ বছরের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিত্ব হয়ে থাকবেন মদরিচ।
৪০ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন। অধিনায়ক মদরিচকে নিয়ে কোচ দালিচ বলেন, ‘লুকা এখনো এই দলের মূল খেলোয়াড় ও প্রধান চালিকাশক্তি। যাকে কেন্দ্র করে পুরো দল সচল থাকে। তার নিবেদন, পারফরম্যান্স এবং আচরণই দলের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। সে অত্যন্ত পেশাদার এবং এই ৪০ বছর বয়সেও অবিশ্বাস্য রকমের ক্ষুধার্ত।‘
দলের স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ মনে করেন, মদ্রিচের প্রভাব কেবল ম্যাচের ৯০ মিনিটেই সীমাবদ্ধ নয়। বরং মাঠের বাইরেও তরুণদের জন্য তিনি এক অনুকরণীয় আদর্শ।
ক্রামারিচ বলেন, ‘লুকাকে বর্ণনা করার জন্য তিনটি শব্দ যথেষ্ট নয়, সে এক অতিপ্রাকৃতিক বিস্ময়। আগামী ৫০০ বছর ক্রোয়েশিয়ার ইতিহাসে সে অন্যতম সেরা ব্যক্তিত্ব হয়ে থাকবে। এই বয়সে যেখানে সমসাময়িক খেলোয়াড়রা অনেক আগেই বুট জোড়া তুলে রেখেছেন, সেখানে প্রতিদিন তার এই ফুটবলপ্রেম
ও নিখাদ অনুপ্রেরণা আমাদের পথ দেখায়।
সে যেন আমাদের অন্ধকার পথের এক টর্চলাইট।‘ রক্ষণভাগের জোসিপ স্টানিসিচও সুর মেলান সতীর্থের সঙ্গে। তার মতে, মদরিচ মাঠে থাকা মানেই
প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া। তবে মদ্রিচের জাদুর পাশাপাশি দলের মূল শক্তি ‘একতা‘ বলে বিশ্বাস করেন স্টানিসিচ।
গ্রুপ ‘এল‘-এ ইংল্যান্ড, পানামা ও ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
আগামী ১৭ই জুলাই রাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। শক্তিশালী থ্রি লায়নদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ নিয়ে দালিচ সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমাদের গ্রুপটি এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ। প্রথম ম্যাচটি সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে ক্রোয়েশিয়ার সামর্থ্য আছে আবারও বিশ্বকে চমকে দেয়ার। আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা উজার করে দিতে প্রস্তুত।‘
