মার্কিন ভিসা নিয়ে কী হচ্ছে ইরানের সঙ্গে

মার্কিন ভিসা নিয়ে কী হচ্ছে ইরানের সঙ্গে

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকতেই শুরু হয়ে গেছে তীব্র কূটনৈতিক যুদ্ধ। মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছে ইরান ও বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের জাতীয় ফুটবল দলের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নীতি-নির্ধারকের ভিসা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘প্রতিশোধপরায়ণ আচরণ’ এবং ‘ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। তুরস্কের আনতালিয়ায় তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে শনিবার মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয় ইরানি দল। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে তারা আরিজোনার পরিবর্তে মেক্সিকোর টিজুয়ানায় তাদের মূল ক্যাম্প স্থানান্তর করতে বাধ্য হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, দেশটির ফেডারেশনের (এফএফআইআরআই) সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি এবং সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নবীসহ প্রায় ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। তবে সভাপতি মেহদি তাজের ভিসার বিষয়টি এখনো স্পষ্ট নয়। নিজেদের ওয়েবসাইটে ক্ষোভ প্রকাশ করে এফএফআইআরআই জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘ইরান জাতীয় দলকে একটি বৈষম্যহীন এবং সমান সুযোগের পরিবেশ থেকে বঞ্চিত করেছে।’ একইসঙ্গে ফেডারেশন এই ন্যক্কারজনক বিষয়টি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার দরবারে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা প্রক্রিয়াকরণের জন্য নিজ দূতাবাস কর্মীদের প্রশংসা করেন।

ইরান দূতাবাস তার কড়া জবাব দেয়। ইরানি বার্তাসংস্থা তাসনিম জানায়, ‘ইরান দূতাবাস পাল্টা পোস্টে লিখেছে- নিজেদের প্রশংসা করে আপনারা ফিফার নিয়ম লঙ্ঘন এবং আয়োজক দেশের দায়িত্বহীন আচরণকে ধামাচাপা দিতে পারেন না। এটি খেলাধুলার ওপর রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপের নিকৃষ্টতম উদাহরণ।’ এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়, কোচ ও মূল প্রশিক্ষণ কর্মীদের ভিসা দেয়া হলেও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত কাউকে ছদ্মবেশে ঢুকতে দেয়া হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক শুনানিতে স্পষ্ট করে বলেন, ‘ক্রীড়াবিদদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা এমন কাউকে তাদের প্রতিনিধিদলে ঢুকতে দেবো না, যাদের সঙ্গে ক্রীড়ার কোনো সম্পর্ক নেই এবং যারা আইআরজিসির সঙ্গে যুক্ত।’ এই ভিসা জটিলতার কারণে ইরানের বিশ্বকাপ মিশন এখন চরম লজিস্টিক অনিশ্চয়তায় পড়েছে।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসান্দিদেহ জানান, নতুন শর্ত অনুযায়ী ইরানি দলকে ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষেই ওই রাতেই ফিরে আসতে হবে। অথচ ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন কোচের সংবাদ সম্মেলন বাধ্যতামূলক।
আগামী ১৫ই জুন লস অ্যানজেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। ‘জি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন