সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় মাছের আড়তের ঘর নির্মাণকে কেন্দ্র করে নাসিম (৩৪) নামে এক যুবক প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসিম পাইকুরাটী ইউনিয়নের সুনই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, পাইকুরাটী ইউনিয়নের নারীজুরা নামক স্থানে মাছের আড়তের ঘর নির্মাণকে কেন্দ্র করে গত শনিবার বিকালে নাসিম ও তার প্রতিপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রোববার সকালে আনুমানিক ৮টার দিকে সুনই গ্রামের পাশে কারীর বাজারে নিহত নাসিম তার চায়ের দোকান খোলার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষের লোকজন তার দোকানে হামলা করে এবং নাসিমকে কিল-ঘুষি ও মারধর করে। গুরুতর আহত অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নাসিমকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ সহীদ উল্যাহ বলেন, নাসিমের খুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
