জামালপুরে দাবদাহে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

চলমান দাবদাহে বোরো ধান কাটা ও খড় শুকানোর কাজ করতে গিয়ে গত সাতদিনে জামালপুরে হিট স্ট্রোকে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার ইসলামপুর, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকেই তাদের মৃত্যু হয়েছে। সবশেষ রোববার দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধার চন্দনপুর মধ্যপাড়া গ্রামের আবুল হোসেন (৭০) মারা যান। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের জমিতে ধান ও খড় শুকাতে যান আবুল হোসেন।

দীর্ঘ সময় রোদে কাজ করে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে নেয়ার পথে হিট স্ট্রোকে মারা যান মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের কৃষক টুনু আকন্দ (৫৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার মৃত সাদেক আকন্দের ছেলে। গত বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে বালি বেগম (৫৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী। এ ছাড়াও ২রা জুন দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় অসুস্থ হয়ে পড়েন সানোয়ার (৬৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানোয়ার ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। তিনি স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে, ১লা জুন দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান আসাদুল ইসলাম (৩৫)।

তিনি ওই গ্রামের মো. মহল মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নিয়েছিলেন তিনি। জামালপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন, গত কয়েকদিন ধরে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এই গরমে মাঠে যারা কাজ করেন তাদের হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। মাঠে কাজ করার সময় মাথাল বা ছাতা ব্যবহার, কিছুক্ষণ পর পর বিশ্রাম নেয়া, ঠান্ডা পানি পান এবং শরীরে পানির ঝাপটা দেয়ার পরামর্শ দেন তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন