ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি হলেও সঙ্গে সঙ্গেই তেহরানের জব্দ বা স্থগিত থাকা বিদেশি সম্পদ মুক্ত করা হবে না। এনবিসি নিউজের মিট দ্য প্রেসে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের সম্পদ অবিলম্বে অবমুক্ত করা হবে না। তবে তিনি ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ট্রাম্প বলেছেন, হ্যাঁ যদি তারা ভালো আচরণ করে, ভালো কাজ করে, তাহলে আমরা আলোচনা শুরু করব। দীর্ঘদিন ধরে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে বিদেশে আটকে থাকা তাদের সম্পদ মুক্ত করার বিষয়টি তুলে আসছে। ইরানি গণমাধ্যম ও বিভিন্ন বিশেষজ্ঞের হিসাব অনুযায়ী, জব্দ থাকা এসব সম্পদের মোট মূল্য ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হলেও সম্পদ মুক্তির প্রশ্নে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অগ্রসর হতে চাইবে এবং তা ইরানের ভবিষ্যৎ আচরণ ও চুক্তির শর্ত বাস্তবায়নের ওপর নির্ভর করবে। অন্যদিকে ইরান জানিয়েছে, জব্দ করা সম্পদ অবমুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগোবে না।
