নওগাঁয় যৌতুকের দাবিতে নববধূ ফাল্গুনী হত্যার প্রতিবাদে হত্যাকারী ফাল্গুনীর স্বামী মোর্শেদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহরের আরজী নওগাঁ এলাকাবাসী ও স্বজনরা। রোববার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফাল্গুনীর স্বামী মোর্শেদকে রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদ ও দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। এতে ফাল্গুনীর স্বজন কহিনুর খাতুন, জামিল আহমেদ, রুমি খাতুন সোহেল রানা, রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে নিহত ফাল্গুনীর স্বজন কহিনুর খাতুন বলেন, আরজী নওগাঁ এলাকা বাসিন্দা তুফান আলীর মেয়ে ফাল্গুনী ও একই এলাকার পিন্টু সরদারের ছেলে মোর্শেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ২৭শে মার্চ তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে ১ লাখ টাকা যৌতুকের জন্য মোর্শেদ ফাল্গুনীর ওপর নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় গত ৭ই মে রাতে গলায় ওড়না পেঁচিয়ে মোর্শেদ ফাল্গুনীকে হত্যা করে। এ ঘটনায় ফাল্গুনীর বাবা বাদী হয়ে পরদিন নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। মানববন্ধনে ফাল্গুনীর স্বামী মোর্শেদকে রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদ ও দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়।
