ধোবাউড়া ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়েছে। রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এ সময় ট্রাকের হেলপার আহত হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও নতুন ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরাতন। ভারী যান চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, রোববার ভোর রাতে বালুভর্তি ট্রাকের চাপে ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায় এবং যান চলাচল বন্ধ রয়েছে। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ছাড়া, উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ইতিমধ্যে মেইনটেইনেন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবেন।
