চট্টগ্রাম নগরে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চসিকের প্রধান নগর ভবনসংলগ্ন টাইগারপাস এলাকার বিন্না ঘাস শেডে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ওষুধ দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা গাছ থেকে শুধু নিতে জানি, পরিচর্যার বিষয়ে সচেতন নই। তাই বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, করোনা মহামারির সময় মানুষ অক্সিজেনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেছে। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে। এজন্য বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় পর্যায়েও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে এলে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, “আমরা একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি গড়ে তুলতে চাই। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের মিড-আইল্যান্ডগুলো ফুল ও সবুজে সাজানো হবে। পাশাপাশি নগরীর খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।” বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকাসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন নিজ উদ্যোগে আঙিনা ও আশপাশ পরিষ্কার করার অভ্যাস গড়ে তুললে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় এবং সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন