গ্রুপ পর্বের দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। তবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের মতে, সূর্যকুমার যাদবদের দৌড় এ পর্যন্তই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে দেখছেন না তিনি। আমিরের মতে, গ্রুপ-১ থেকে শেষ চারের টিকিট পাবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচসহ গ্রুপপর্বের সবগুলোতেই জয় তুলে নেয় এবারের আয়োজক দেশটি। গতবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকেই শিরোপা তুলে ধরে তারা। এ সংস্করণে ভারতের পরিসংখ্যানও ঈর্ষণীয়। ২০২৪-এর আসর থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে স্রেফ ৬টিতে হার দেখে ভারত। ওই আসরেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা অবসর নিলেও দাপট কমেনি বর্তমান চ্যাম্পিয়নদের। তবু এবারের আসরে ভারতে সেমিফাইনালেই দেখছেন না আমির।
সুপার এইটের গ্রুপ-১-এ ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। পাকিস্তানের জনপ্রিয় অনুষ্ঠান ‘হার না মানা হ্যায়’-তে দেশটির সাবেক পেসার মন্তব্য করেন, এখান থেকে শেষ চারের টিকিট পাবে প্রোটিয়া ও ক্যারিবিয়ানরা। আমির বলেন, ‘আপনি তাদের (ভারত) ম্যাচগুলো যদি দেখেন, পাকিস্তান ম্যাচটি ছাড়া তাদের সব ম্যাচেই ধস নেমেছে। সুপার এইট পর্বে আরও চাপ বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে।’ নিজের কথার পক্ষে যুক্তি টেনে ৩৩ বছর বয়সী আমির আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও খুব ভালো, মোটি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। ওদের ব্যাটিং দেখুন, রাদারফোর্ড, রভম্যান পাওয়েল বা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল। দক্ষিণ আফ্রিকার কথা বলছি কারণ ওদের পেস বোলিং পরিপূর্ণ, স্পিন বিভাগও পরিপূর্ণ। ব্যাটিংও দারুণ। তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উঠবে বলেই আমার মনে হয়।’
সুপার এইটের গ্রুপ-২-এ পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এখান থেকে কারা সেমির টিকিট পাবে? সঞ্চালকের এ প্রশ্নে আমিরের উত্তর, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তার যুক্তি, ‘আমি মনে করি, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আমাদের স্পিনারদের ভালোভাবে খেলতে পারবে না। তাই পাকিস্তানের ভালো সুযোগ আছে। আর নিউজিল্যান্ড তো ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’
তবে একই অনুষ্ঠানে উপস্থিত থাকা পাকিস্তানের দুই সাবেক রশিদ লতিফ ও আহমেদ শেহজাদের ভিন্নমত পোষণ করেন। তাদের মতে, ভারত সেমিতে খেলবে। সাবেক উইকেটকিপার লতিফ তো শেষ চারে আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচও দেখছেন।
সুপার এইটের ম্যাচে আজ কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে পাকিস্তান। আগামীকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত।
ভারতকে বিশ্বকাপের সেমিতে দেখছেন না আমির
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
