চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই দাবিতে ক্লাস বর্জন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান ভবনের নিচে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, ছয় দফা দাবি আদায়ে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে কর্মবিরতি চলছে। এর অংশ হিসেবে চমেক হাসপাতালেও কর্মবিরতি পালন করা হচ্ছে।
প্রথম দাবির বিষয়ে কিছুটা আশ্বাস পাওয়া গেলেও বাকি দাবিগুলো নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন। তিনি বলেন, রোগীদের কথা বিবেচনা করে আন্দোলন স্থগিত রেখে প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ না আসায় কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি। সাকিব হোসেন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও ট্রেইনি চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। আউটডোর, জরুরি বিভাগসহ প্রয়োজনীয় সেবা চালু রয়েছে।
তবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হতে পারে। সংগঠনের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সামপ্রতিক এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চলছে। ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- গত ১৯শে মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত নির্দেশনা জারি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রবর্তন।
এ ছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি ও পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবিও জানানো হয়েছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সমপ্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের নীতিমালা নিয়ে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে প্রশিক্ষণ ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
