সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ লিখিত বক্তব্যে বলেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করি। গত ২রা জুন বিকালে অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কে অভিযুক্ত সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা ও তার দলবল নিয়ে রিকশা থামিয়ে আমার পথরোধ করে।

এ সময় জুয়েল রানার সঙ্গে বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজসহ ১০-১২ জন রড, হকিস্টিক ও পাইপ নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। ঘটনাস্থলের পাশেই থাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলীম ভাই তৎক্ষণাৎ আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে জানতে পারি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আগে থেকেই বহিষ্কৃত শিবির নেতা ও সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের সঙ্গে বৈঠক করে লোকজন গুছিয়ে আমার ওপর এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে।

তবে কী কারণে আমার ওপর এমন হামলা চালানো হলো- বিষয়টি আমি জানি না। আমি জেলা বিএনপি ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে এই হামলার বিচার ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় তিনি সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর ইসলাম, মুন্সী ইউসুফ কামাল, শিশির হোসেন, শুভ সেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন ও যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম তানজিলসহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন