গলায় ঝোলানো ব্যান্ডেজ, হাতে স্লিং এবং অসুস্থ রোগীর বেশে চিকিৎসার জন্য কক্সবাজার যাওয়ার কথা বলে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেছিল তিন নারী। তবে শেষ রক্ষা হয়নি। কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটক নারীরা হলো- জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন নারী নিজেদের অসুস্থ রোগী পরিচয় দিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার যাচ্ছেন বলে দাবি করেন। তারা নিজেদের কাছে কোনো ধরনের অবৈধ মালামাল নেই বলেও জানান। তবে তাদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা আরও বিস্তারিত তল্লাশি চালান। একপর্যায়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
