দ্য হানড্রেডের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম। গতকাল এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। দ্য হানড্রেডের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২১ সালে। এখন পর্যন্ত পাঁচটি আসর মাঠে গড়ালেও কোনো বাংলাদেশি ক্রিকেটার ইংল্যান্ডের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লীগগুলোতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের নৈপুণ্য চোখে পড়ার মতো। স্বদেশি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ৯২ ম্যাচে ১২১ উইকেট শিকার এ বাঁহাতি পেসারের। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) মোস্তাফিজের পরিসংখ্যান উজ্জ্বল। শীর্ষ এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার মোস্তাফিজের। ২০১৬ সালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেখানে নিজের অভিষেক আসর সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন এ বাংলাদেশি ক্রিকেটার। শুধু উইকেট শিকার নয়, রান আটকে রাখার ক্ষেত্রেও দক্ষ মোস্তাফিজ। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) মোস্তাফিজের ইকোনমি রেট মাত্র ৬.৪৩। ইংল্যান্ডের কন্ডিশনে ভাইটালিটি ব্লাস্টে তার বোলিং গড় ১৩.৫০। এটি প্রমাণ করে, যে কোনো কন্ডিশনেই তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। মোস্তাফিজ ডেথ ওভারে যেকোনো দলের জন্যই এক বড় ভরসার নাম। তবে এবার দল পেলেও খেলা হচ্ছে না। উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কাটার মাস্টারকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।
এরপর নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান। তবে কয়েক দফা আলোচনার পর তাদের সে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে সক্ষম হয় আইসিসি।
