চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে প্রায় চার ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার ও মেরামত কাজ শেষে দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানায়, রেললাইনের পূর্ব পাশে থাকা একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু বহনকারী একটি ট্রাক অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের সামনে আটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইনচার্জ গার্ড শহিদুল ইসলাম রাসু, কন্ট্রাক্টর গার্ড মিজানুর রহমান চৌধুরী এবং অন্যান্য রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি বুঝে জরুরি ব্রেক প্রয়োগ করেন। তাদের এই তৎপরতায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শী সাফায়েত উদ্দিন বলেন, ট্রেনটি রেললাইনের দিকে এগিয়ে আসার সময় চালককে ট্রেন আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করে গাড়িটি রেললাইনের ওপর তুললে সেটি আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর প্রথমে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও চট্টগ্রামমুখী লাইনে আটকে থাকা পিকআপ সরানো এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে সময় লাগে।
ফলে কয়েক ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত থাকে। চিনকি আস্তানা স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী পিকআপের সংঘর্ষ হয়। খবর পেয়ে রেলওয়ে ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যান সরিয়ে এবং প্রয়োজনীয় মেরামত শেষে দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, বড়তাকিয়া এলাকায় বালুবাহী ট্রাকটির সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
তবে ট্রাকটি উল্টে যাওয়ায় সাময়িকভাবে রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
