বাগেরহাটের চিতলমারীতে প্রধান সড়কের পাশে বাঁশের হাট বসায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নজরে এনে যথাযথ নিরাপদ স্থানে হাট বসানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানায়, উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাটগাতী টু বাগেরহাট সড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে বাঁশ বেচাকেনার হাট বসেছে। এ সড়কটি থেকে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার পথচারীরা যাতায়াত করে।
বছরের ১২ মাসই এখানে বাঁশের কেনাবেচা হয়। এসব বাঁশ যখন ক্রেতাদের কেনার পর গাড়িতে ওঠানো হয়, তখন পুরো রাস্তা আটকে যায়। এতে একদিকে যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে দ্রুত গতির গাড়ি অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
এলাকার ভ্যানচালক জাহাঙ্গীর শেখ, অটোচালক ইমন শেখসহ অনেক পথচারী জানান, রাস্তার পাশ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ ওঠানো-নামানো উচিত। বেশির ভাগ ক্ষেতে গাড়িতে বাঁশ তোলার সময় রাস্তা আটকে যায়।
অনেক সময় একটু বেখেয়ালি হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যাতে রাস্তার উপর থেকে বাঁশ ঘোরানো না হয় সেজন্য সজাগ হওয়া প্রয়োজন। এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, বিষয়টি তিনি অবগত হয়ে সড়ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে বাঁশের বেচাকেনা হয়, সে ব্যবস্থা নেবেন।
