শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ জনতা পার্টির ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ফন্ট সাইজ:

পরীক্ষায় ও নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে রোববার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি দাবি করেন, আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে দেয়ার প্রস্তুতি চলছে।
দিপকে জানান, দিল্লির যন্তর মন্তরে শনিবারের বিক্ষোভে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নেন। তার ভাষায়, যন্তর মন্তরের কর্মসূচি সফল হয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না। পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

দ্য হিন্দুর প্রতিবেদনের বরাতে জানা যায়, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির ব্যানারে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা পরীক্ষায় ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
সংগঠনের মুখপাত্ররা পরে এক সংবাদ সম্মেলনে জানান, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত বা তার পদত্যাগের জন্য তারা এক সপ্তাহ সময় দেবে। এরপর দেশব্যাপী নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলনের আহ্বানকারী দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে তার হাতে ভারতীয় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের আত্মজীবনীর একটি কপি দেখা যায়। পরে তিনি পুলিশি অনুমতি নিয়ে যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের অনেককে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত পোস্টার ও ককরোচের মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে এসব মুখোশ বিতরণও করা হয়।

বিক্ষোভকারীরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগই নয়, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘হিন্দু-মুসলিম রাজনীতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও উচ্চারণ করেন।
সিজেপি জানিয়েছে, আন্দোলনটি ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হচ্ছে।




ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন