বাংলাদেশ ফুটবল লীগের প্রথম লেগ শেষ হয়েছে ৩রা জানুয়ারি। এরপর থেকে দেশের ফুটবলের শীর্ষ স্তরের আর কোনো খেলা নেই। ক্লাবগুলোর জানা ছিল না দ্বিতীয় লেগ কবে শুরু হবে। অবশেষে ফেডারেশন লীগের দ্বিতীয় লেগ ও ফেডারেশন কাপের অবশিষ্ট ফিকশ্চার প্রকাশ করেছে। ৬ই মার্চ লীগের দ্বিতীয় লেগ শুরু হবে। দুই মাস বিরতির পর লীগ শুরু হয়ে বেশি দিন চলবে। দুই রাউন্ড শুরুর পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলা বিরতি থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরে ৩১শে মার্চ। ওই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ১৫ই মার্চ থেকে অনুশীলন শুরু করতে চায়। এজন্য ১৪ মার্চের পর লীগের খেলা রাখেনি ফেডারেশন। দুই মাস পর লীগ শুরু হচ্ছে। মাত্র দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচের জন্য ২৮ দিন অপেক্ষা করতে হবে। ফেডারেশনের সূচি নিয়ে হতাশা প্রকাশ করে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘৩১শে জানুয়ারি মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে। আমরা নতুন খেলোয়াড়দের সঙ্গে ফেব্রুয়ারী থেকে চুক্তি করেছি। ফেব্রুয়ারী মাসে খেলা না হলেও টাকা দিতে হচ্ছে আবার মার্চে মাত্র দুই ম্যাচ খেলে বসে থাকতে হবে। ক্লাবগুলোর অর্থ খরচ হচ্ছেই, ফেডারেশন এ দিকে নজর দেয় না।’ ১০ই এপ্রিল পুনরায় লীগ শুরুর পর আর কোনো বিরতি নেই। ২৩শে মে লীগ শেষ হবে। প্রথম লেগ শেষে ১৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌঘভাবে শীর্ষে আছে ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ দুইয়ে আর ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাংলাদেশ পুলিশ এফসি। ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী চতুর্থ ও ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে পঞ্চম স্থানে। লীগ প্রতি সপ্তাহের শুক্র-শনিবার আর ফেডারেশন কাপ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১০ই মার্চ ফেডারেশন কাপের ম্যাচের পরও প্রায় এক মাস বিরতি। ৭ই এপ্রিল ফেডারেশন কাপ পুনরায় শুরু হওয়ার পর ১৯শে মে ফাইনাল।
দুই মাস পর শুরু লীগ, দুই ম্যাচ পর আবার ২৮ দিনের বিরতি
স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
