ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর একটি স্বস্তির খবর পাচ্ছে আর্সেনাল ভক্তরা। লন্ডনের ক্লাবটির সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি বাড়িয়েছেন দলের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা। গানারদের দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তির মেয়াদের বিষয়ে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০৩০ পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামেই থাকছেন এ ইংলিশ তারকা। স্রেফ ৮ বছর বয়সে ওয়াটফোর্ডের যুব দল থেকে আর্সেনালের যুব দলে যোগ দেন সাকা। আগামী সেপ্টেম্বরে ২৫ বছরে পা দেবেন তিনি। এর মধ্যে গানারদের অনূর্ধ্ব-১৮, ২৩ দল ঘুরে ২০১৮তে জায়গা করেন মূল দলে। পরের বছর দলের প্রধান কোচ হিসেবে আসেন মিকেল আর্তেতা। এরপর থেকে ক্লাবটিতে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন সাকাই। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের হয়ে ২৯৭ ম্যাচে ৭৮ গোল করেছেন তিনি। চুক্তি নবায়ন করে সাকা বলেন, ‘আমার দারুণ লাগছে। আমার মতে, এটি আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ একটি মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব খুশি লাগছে।’ তিনি আরও বলেন, ‘এ ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য ছিল সহজ ছিল। এখানে আমি সবকিছু জয়ের প্রত্যাশা করি।’ গানারদের হয়ে ২০২০-এর এফএ কাপই সাকার একমাত্র বড় ট্রফি। একই বছর ও ২০২৩-এ জেতেন কমিউনিটি শিল্ড। প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় আর্সেনাল। তবে মাঝপথে হঠাতই সেই অভিযানে শঙ্কা দেখা দিয়েছে। শেষ ৫ ম্যাচেই ৭ পয়েন্ট হারানো আর্সেনাল ২৭ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫ পয়েন্ট কমে দ্বিতীয়। আগামীকাল নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে জয় তুলে নিতে পারলেই ব্যবধান আরও কমিয়ে আনবে পেপ গার্দিওলার দল। তবে লীগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। আগামী মার্চে সেখানেও তাদের প্রতিপক্ষ সিটি। প্রিমিয়ার লীগে পরবর্তী ম্যাচে আগামীকাল টটেনহ্যাম হটস্পারের মাঠে কঠিন পরীক্ষা রয়েছে মিকেল আর্তেতার দলের।
আর্সেনালে ২০৩০ পর্যন্ত চুক্তি সাকার
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
