চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গার্ড ও রেলকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় জরুরি ব্রেক করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় ট্রাকটি উল্টে গেলেও ট্রেনের যাত্রীদের কেউ হতাহত হননি।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় রেলওয়ের ৬৬/৩ কিলোমিটার পয়েন্টের একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া-চিনকি আস্তানা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি উল্টে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইনচার্জ গার্ড শহিদুল ইসলাম রাসু, কন্ট্রাক্টর গার্ড মিজানুর রহমান চৌধুরী এবং অন্যান্য রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি বুঝে জরুরি ব্রেক প্রয়োগ করেন। তাদের এই তৎপরতায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, ‘বড়তাকিয়া এলাকায় বালুবাহী ট্রাকটির সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাকটি উল্টে যাওয়ায় সাময়িকভাবে রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।’

তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কার্যক্রম শেষে সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে থানার ওসি মোহাম্মদ রফিক বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন