পোল্যান্ড যাচ্ছেন দুই শাটলার

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে ভালো টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পাওয়া যায়। সে লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খেলে থাকেন বাংলাদেশের শাটলাররা। গত বছর কানাডা ও অস্ট্রেলিয়াতে খেলেছেন দেশ সেরা জুটি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। কানাডাতে ব্র্রোঞ্জপদক জেতা এই জুটির লক্ষ্য এবার পোলিশ ওপেন। আগামী ১৮-২২শে মার্চ পোল্যান্ডে অনুষ্ঠিত হবে পোলিশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের শাটলাররা এসে খেলবেন ২০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে। তাদের লক্ষ্য র‌্যাঙ্কিং বাড়ানো। একই লক্ষ্য নিয়ে সেখানে খেলতে যাবেন জুমার ও অহিদুল। বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষ দ্বৈতে জুমার ও অহিদুল জুটির র‌্যাঙ্কিং ১১৮। কানাডা ওপেনে ব্রোঞ্জ জেতার পর এখন তাদের লক্ষ্য পোলিশ ওপেনে ভালো কিছু করার। এ বিষয়ে আল আমিন বলেন, ‘আমরা ভাল কিছু করার লক্ষ্য নিয়েই পোল্যান্ডে যেতে চাই। বিশ্বাস রয়েছে, সেখানে নিজেদের মতো খেলতে পারলে অবশ্যই পদক জেতা সম্ভব। তবে তার আগে ফিকশ্চার দেখতে হবে প্রতিপক্ষ হিসাবে কারা আসছে।’ জানা গেছে, ইনজুরিতে ভুগছেন জুমারের সতীর্থ অহিদুল। এ বিষয়ে জুমার বলেন, ‘অহিদুলের ইনজুরি খুব বড় কিছু নয়। আশাকরি খুব শিগগিরই সে ইনজুরিমুক্ত হয়ে আমার সঙ্গে খেলতে যাবে।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন