নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএনপি নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পূর্বধলা উপজেলায় স্বাগত জানান এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে এ এস এম শহীদুল্লাহ ইমরান গণমাধ্যমকে জানান, পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলার বজায় রাখতে প্রশাসনের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমুখী পদক্ষেপে উপজেলার সাধারণ জনগণ ও তাদের দল সব সময় পাশে থাকবে। তিনি নবাগত নির্বাহী কর্মকর্তার সাফল্য কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
