সাভারে কারখানায় শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ

সাভারে কারখানায় শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সাভারের উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদ এবং ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। এছাড়া ছাটাইকৃত শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ।

তবে আন্দোলনকারী শ্রমিকদের দাবি, ২৬ ধারা অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিকরা।

১৩ বছর ধরে এই কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, হঠাৎ মোবাইলে মেসেজ পাঠিয়ে তাকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে এলে কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে দেয়নি। একই ধরনের অভিযোগ করেন ৭ বছর ধরে কর্মরত রোজিনা আক্তারও।

আল মুসলিম গ্রুপের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো, আবু রায়হান বলেন, ‘শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের পাওনা এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে শ্রমিকদের ২৬ ধারায় তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে আলোচনা হয়নি এবং তিন মাসের বেতন আমরা দেবো না।’ শুধু মাত্র এক মাসের বেতন কেউ না পেয়ে থাকলে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এছাড়া মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।’ মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন