স্বাস্থ্য সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

ফন্ট সাইজ:

স্বাস্থ্য সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এবিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা হয়। সেখানে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের উাদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পুরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তিন পর্যায়ে সেবা দেয়ার বিষয়ে পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী- এই তিন ধরনের অ্যাম্বুলেন্স নির্মাণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বলা হয়, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমবে এবং তুলনামূলক কম খরচে আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

প্রেস উইং আরও জানায়, সভায় বিশেষজ্ঞরা জানান- স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা আছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের ডিজাইন করা হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি এসএম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বাস্থ্য সেবা সচিব কামরুজ্জামান চৌধুরী , বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন