র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, তবে সামনে সেই ‘কালো অধ্যায়’

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, তবে সামনে সেই ‘কালো অধ্যায়’

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মহোৎসব শুরুর মাত্র কয়েক দিন আগে বড় সুখবর পেলো লিওনেল মেসির আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রীতি ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে হার দেখে শক্তিশালী ফ্রান্স। আরেক ম্যাচে ইরাকের বিপক্ষে ড্র করে স্পেন। সেই সুবাদে মাঠের লড়াইয়ে না নেমেই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ২-১ গোলে হেরে সিংহাসনচ্যুত হয়ে তিনে নেমে গেছে ফ্রান্স। অন্যদিকে, ১-১ গোলে ড্র করে দুই নম্বরেই রয়েছে স্প্যানিশরা। ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

আপাতত শীর্ষস্থান নিশ্চিত আর্জেন্টিনার। আগামী রোববার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেলে কাগজে-কলমে তা আরও পোক্ত হবে। তবে এই অর্জনের আনন্দের মাঝেই আকাশী-সাদা শিবিরে উঁকি দিচ্ছে এক ‘অদ্ভুত ও মনস্তাত্ত্বিক অভিশাপ’। ১৯৯২ সালে চালু হয় ফিফা র‌্যাঙ্কিং ব্যবস্থা। এর পর থেকে আজ পর্যন্ত কোনো দলই বিশ্বকাপের ঠিক আগে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ফুটবল ইতিহাসের এই পরিসংখ্যান রীতিমতো আঁতকে ওঠার মতো।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে এক নম্বরে থাকা জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ১৯৯৮ ফ্রান্স আসরে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে স্বাগতিকদের কাছে হারে ৩-০ গোলে। ২০০২ সালে জাপান-কোরিয়ার যৌথ আসরে এক নম্বর দল ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চার বছর পর ২০০৬ জার্মানি বিশ্বকাপে চূড়ায় থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে থেকে। ২০১০ দক্ষিণ আফ্রিকা ও ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করেন যথাক্রমে ব্রাজিল ও স্পেন। ২০১৮ রাশিয়া আসরে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। আর ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা পাঁচবারের চ্যাম্পিয়নরা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। এমনকি সবশেষ বিশ্বকাপে লিওনেল মেসি সোনালী ট্রফিটি যখন উঁচিয়ে ধরেন, তখনও আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করে র্যা ঙ্কিংয়ের ৩ নম্বরে থেকে।

শীর্ষ তিনের পর র‌্যাঙ্কিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ৪, ৫ ও ৬ নম্বর স্থানগুলো যথাক্রমে নিজেদের দখলে রেখেছে ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল। এছাড়া শীর্ষ দশের মধ্যে অদলবদল হয়েছে ৭ ও ৮ নম্বর অবস্থানে। এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছে আফ্রিকান পরাশক্তি মরক্কো। তাদের জায়গা ছেড়ে দিয়ে ৮ নম্বরে নেমে গেছে নেদারল্যান্ডস।

আগামী ১১ই জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে শুরু হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞ। এবারের আসরে এই ‘র‌্যাঙ্কিং অভিশাপ’ ভাঙাই এখন আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৭ই জুন সকালে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১০ই জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন